নিজস্ব প্রতিবেদক : প্রায় তিন সপ্তাহের আয়ারল্যান্ড সফরের জন্য ঢাকা ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল। হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার সকাল সাড়ে ১১টার বিমানে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ে ‘এ’ দল। সেখান থেকে সরাসরি দল যাবে আয়ারল্যান্ডে।
এই সফরে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট ও ওয়ানডে সিরিজে খেলা দলের বেশিরভাগই আয়ারল্যান্ড সফরের দলে আছেন। ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক, টি-টোয়েন্টিতে সৌম্য সরকার।
বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সৌম্য বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ আছেন। ৫ আগস্ট বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি খেলে সৌম্যর ‘এ’ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। আয়ারল্যান্ডে ততদিনে তিনটি ওয়ানডে খেলে ফেলবে ‘এ’ দল। ওয়ানডেতে সৌম্যর বদলি হিসেবে তাই মোহাম্মদ মিথুন ‘এ’ দলের সঙ্গে গেছেন।
আয়ারল্যান্ডে ১ আগস্ট শুরু হবে আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ। ১৩ আগস্ট থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শেষে ১৮ আগস্ট ডাবলিন ছাড়বে সফরকারী দল।
বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (ওয়ানডে অধিনায়ক), সৌম্য সরকার (টি-টোয়েন্টি অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বী, আফিফ হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল-আমিন (জুনিয়র), জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিথুন।

