সিলেট প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক শিশুসহ মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের ইলাসপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটি সুনামগঞ্জের ছাতক থেকে নোয়াখালী যাচ্ছিল। আর ট্রাকটি সিলেট যাচ্ছিল। ওসমানীনগর থানার সামনে যানবাহন দুটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। একজনকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায় বলে জানান তিনি।

