চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটিগেট কর্নেল হাট এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার ৩০০ ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব-০৭ এর একটি দল।
বুধবার দুপুরে র্যাবের চেকপোস্টে তল্লাশি অভিযানে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ সবুজ (৩২) এবং তার স্ত্রী জাহিনুর বেগম (৩০)।
র্যাব-০৭ এর সহকারী পরিচালক মিডিয়া মিমতানুর রহমান জানান, এক দম্পতির মোটরসাইকেলযোগে ইয়াবা পরিবহনের গোপন সংবাদ ছিল র্যাবের কাছে। এই তথ্যের ভিত্তিতে কর্নেল হাটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এই সময় মোটরসাইকেল আরোহী সবুজ ও জাহিনুর দম্পতির কাছ থেকে ২৭ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এই দম্পতিকে গ্রেপ্তার করে তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

