যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে কথিত গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার যশোরের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গাঙ্গুলিয়া জামতলা এলাকায় রাস্তার পাশ থেকে লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
নিহত দুইজনের মধ্যে একজনের বয়স আনুমানিক ৫৫ বছর। তার পরনে শার্ট-প্যান্ট রয়েছে। অপরজনের বয়স হবে আনুমানিক ৪৫ বছর। তার পরনে আছে শার্ট-লুঙি। এদের মাথায় একটি করে গুলির চিহ্ন রয়েছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকাররম হোসেন জানিয়েছেন, সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস পুলিশ পাহারায় পার করে দিয়ে আসা হয়। এরপর ফিরে এসে গাঙ্গুলিয়া আমতলা মোড়ে এলে গুলির শব্দ শুনতে পায় পুলিশের টহল দল। তারা এগিয়ে গিয়ে ঘটনাস্থলে রাস্তার দুই পাশে দুটি লাশ পড়ে থাকতে দেখে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে চারটি দা, দুটি রশি ও একটি করাত উদ্ধার হয়েছে। দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে ওই দুইজন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

