নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে একই বাড়িতে থাকা দুই বোন গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন পরিষদ সদস্য বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বেলাল হোসেন জাহাজমারা ৯নং ওয়ার্ডের বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য।
স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের আজীমনগর এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বেলাল তার লোকজন নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা দুই বড় বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে ছোট দুই বোনকে ধর্ষণ করে। পরে তারা ভুক্তভোগীদের বড় বোনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে পালিয়ে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় ধর্ষিতাদের বড় বোন বাদি ইউনিয়ন পরিষদ সদস্যকে প্রধান আসামি ও আরও ৫জনের নাম উলেøখ করে থানায় একটি মামলা করেছেন। মামলার প্রধান আসামি বেলালকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, রবিবার সকালে গ্রেপ্তারকৃত বেলালকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের উদ্ধার করে মেডিকেল টেস্টের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

