ঢাকাSaturday , 21 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

Link Copied!

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন। শুক্রবার রাত ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কোন্দারপাড়া বাসস্ট্যান্ডের অদূরে খড়কমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী শরিফা বেগম (৪৫), মেয়ে জান্নাত (১৮), শিশু বায়েজিদ (৭), হাসিনা (৩৫) অজ্ঞাত পুরুষ (২০)। নিহতরা সবাই রামনগর এলাকার বাসিন্দা। আহতরা হলেন- রাশিদা বেগম (৩৫), আসাদ মিয়া (৪০) জাকিয়া আক্তারসহ (৩০) অজ্ঞাত আরো সাতজন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টায় রায়পুরা উপজেলার রামনগর এলাকার শিশু, নারী-পুরুষের প্রায় ৭০/৮০ জনের একটি দল শুক্রবার নরসিংদীর পাঁচদোনার ড্রিম হলিডে পার্কে আনন্দ ভ্রমণ শেষে রাতে ফেরার পথে তাদের বহনকারী একটি লেগুনা ঢাকা-সিলেট মহাসড়কের কোন্দারপাড়া বাসস্ট্যান্ডের অদূরে খড়কমারা এলাকায় পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং নরসিংদী জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় নেওয়ার পথে আরো তিনজন মারা যান।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূইয়া বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসি। দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১০ জন। আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে।’
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এম এন মিজানুর রহমান বলেন, ‘আমাদের জেলা হাসপাতালে মোট ১২ জনকে আনা হয়েছে। এর মধ্যে তিনজন মারা গেছেন। আর ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় পাঠানো হয়েছে।’
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হন। তারা সবাই রামনগর এলাকার বাসিন্দা, সেটা নিশ্চিত হওয়া গেছে।’