স্পোর্টস ডেস্ক : ভারতকে ৮৬ রানে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফেরাল ইংল্যান্ড। শনিবার লর্ডসে আগে ব্যাটিং করে ইংল্যান্ড ৭ উইকেটে ৩২২ রান সংগ্রহ করে। জবাবে ভারত ২৩৬ রানের বেশি করতে পারেনি।
ইংল্যান্ডের জয়ের নায়ক জো রুট। ডানহাতি এ ব্যাটসম্যান ক্যারিয়ারের ১২তম ওয়ানডে সেঞ্চুরি তুলে ইংল্যান্ডের স্কোর চূড়ায় নিয়ে যান। ওপেনিংয়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। দুই ব্যাটসম্যান ৬৯ রানের জুটি গড়েন। এরপর কুলদীপ যাদবের শিকার হয়ে রয় (৪০) ও বেয়ারস্টো (৩৮) সাজঘরে ফেরেন।
তৃতীয় উইকেটে এউইন মরগান ও রুট ১০৩ রানের জুটি গড়েন। মরগান কুলদীপের তৃতীয় শিকার হয়ে ৫৩ রানে ফিরে গেলেও রুট তুলে নেন সেঞ্চুরি । শেষ পর্যন্ত ১১৩ রানে রান আউট হয়ে ফেরেন রুট। ১১৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান ইংলিশ ব্যাটসম্যান।
মিডলে স্টোকস (৫) ও বাটলার (৪) ব্যর্থ হলেও শেষ দিকে ডেভিড উইলির ৩১ বলে ৫০ রানের ইনিংসে ৩২২ রানের বিশাল পুঁজি পায় ইংল্যান্ড। বল হাতে ভারতের হয়ে ৬৮ রানে ৩ উইকেট নেন কুলদীপ যাদব।
জবাবে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা ও শেখর ধাওয়ান বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো রোহিত ১৫ রানে বোল্ড হন। ধাওয়ান ৩৬ রানে ফেরেন পয়েন্টে ক্যাচ দিয়ে। বিরাট কোহলি রানের চাকা সচল রাখলেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। ৫৬ বলে ৪৫ রান করে মঈন আলীর বলে এলবিডব্লিউ হন কোহলি। রায়নার ৪৬ ও ধোনির ৩৭ রানে পরাজয়ের ব্যবধান কমায় ভারত।
ইংল্যান্ডের সেরা বোলার লিয়াম প্ল্যাঙ্কেট। ৪৬ রানে ৪ উইকেট নেন ডানহাতি পেসার। এছাড়া ২টি করে উইকেট নেন উইলি ও আলীদ রশিদ। ম্যাচসেরা পুরস্কার উঠেছে সেঞ্চুরিয়ান জো রুটের হাতে। আগামী মঙ্গলবার লিডসে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

