আন্তর্জাতিক ডেস্ক : দুই দেশের মধ্যে সীমান্তযুদ্ধ শুরু হওয়ার দুই দশক পর ইথিওপিয়া সফরে গেছেন ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ের্কি। দুই প্রতিবেশী দেশের মধ্যকার‘যুদ্ধাবস্থা’অবসানের ঘোষণা দেওয়ার পর মজবুত সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে শনিবার তিন দিনের ঐতিহাসিক সফরে ইথিওপিয়া গেলেন আফওয়ের্কি।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয় আহমেদ রাজধানী আদ্দিস আবাবায় আফওয়ের্কিকে স্বাগত জানান। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার সময় দলগত ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন ও বাদ্যযন্ত্র বাজিয়ে তাকে স্বাগত জানান ইথিওপীয় শিল্পীরা। রাজধানী আদ্দিস আবাবার রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ আফওয়ের্কিকে শুভেচ্ছা জানান। এ সময় অনেকের হাতেই ছিল ইরিত্রিয়ায় পতাকা।
গত সপ্তাহে প্রধানমন্ত্রী আবিয় ইরিত্রিয়ার রাজধানী আসমারায় গিয়েছিলেন। সেখানে দুই নেতা আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থা অবসানের ঘোষণা দিয়ে কূটনৈতিক সম্পর্ক ও বাণিজ্য চুক্তি পুনঃস্থাপনে সম্মত হন।
গত এপ্রিল মাসে ইথিওপিয়ার সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বিষয়ে সংস্কারের ঘোষণা দিয়েছিলেন আবিয়। ওই সময় তিনি ইরিত্রিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনেরও ঘোষণা দিয়েছিলেন।
দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনঃস্থাপনের ফলে যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর সদস্যরা আবার একত্রিত হওয়ার সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে।
২০০০ সালে শান্তিচুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করলেও ওই সময় থেকে‘যুদ্ধও না, শান্তিও না’ অবস্থার মধ্যে ছিল ইথিওপিয়া ও ইরিত্রিয়া। ১৯৯৮ সালে শুরু হওয়ার পর প্রায় দুই বছরব্যাপী ওই যুদ্ধে হাজার হাজার লোক নিহত হয়েছিল।

