নিজস্ব প্রতিবেদক : সরকারি কলেজে নিয়োজিত বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ হতে সরকারিকরণসহ তিন দফা দাবি জানিয়েছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় তারা।
চাকরি সরকারিকরণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদান, প্রতিটি কলেজের অধ্যক্ষের নিকট বেসকারি কর্মচারীদের সরকারিকরণের ক্ষমতা দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৫/২০ বছর ধরে নিয়োজিত হয়ে বেসরকারি হিসেবে আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমরা পরিবার-পরিজন নিয়ে আর্থিকভাবে খুবই কষ্টে জীবনযাপন করছি। মাসিক বেতন হিসেবে আমরা ৫ থেকে ৮ হাজার টাকা পাই। কোনো ওভার টাইম নাই। এই টাকা দিয়ে বর্তমান বাজারের সাথে সঙ্গতি রেখে জীবনযাপন করা সম্ভব হচ্ছে না।
তারা বলেন, ১৫/২০ বছর ধরে সরকারি কলেজে বেসরকারি পদে চাকরিরত অবস্থায় কোনো সরকারি সুবিধা পায়নি। কোনো উপায় খুঁজে না পেয়ে বেঁচে থাকা এবং দাবি আদায়ে আন্দোলন ছাড়া কোনো উপায় নেই। বেঁচে থাকার জন্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
মানববন্ধনে ইউনিয়নের সভাপতি মো. দুলাল সরদার, সাধারণ সম্পাদক মজিবর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক রেজভী আহম্মদ রায়হানসহ কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

