স্পোর্টস ডেস্ক : আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৩টি করে টেস্ট ও ওয়ানডে খেলতে বাংলাদেশে আসার কথা ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দলের। হোম সিরিজ এগিয়ে নিয়ে আসার পরিকল্পনা করছে বিসিবি। জানুয়ারির মাঝামাঝি থেকে বিপিএল আয়োজন করতে ইচ্ছুক বিসিবি। তাই জিম্বাবুয়েকে অক্টোবর-নভেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তুাব দিয়েছে বিসিবি।
সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলবে জিম্বাবুয়ে। ১৫ অক্টোবরের মধ্যে সিরিজ শেষ হওয়ার কথা রয়েছে। এফটিপি অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা সফরের পরপরই জিম্বাবুয়েকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছে বিসিবি।
এরই মধ্যে বিষয়টি নিয়ে দুই বোর্ডের মধ্যে কথা রয়েছে। জিম্বাবুয়েও খেলতে রাজী হয়েছে বলে এক সূত্র নিশ্চিত করেছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এই সিরিজ নিয়ে বলেছেন, ‘সিরিজের সময় পুনঃনির্ধারণের জন্য দুই বোর্ড আলাপ আলোচনা করেছে। সেখানেই একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারিতে জিম্বাবুয়ে সিরিজটি আয়োজনের কথা ছিল। তখন আবার বিপিএল আছে।’
৫ অক্টোবর বিপিএল শুরুর কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের জন্য বিপিএল পিছিয়ে দিয়েছে বিসিবি। জানুয়ারিতে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ এগিয়ে আসলেও ডিসেম্বর-জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ঠিক রেখেছে বিসিবি। ক্যারিবীয়দের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ১টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

