নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করেছে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল।
বিশ্ব ব্যাংকের এডুকেশন গ্লোবাল প্র্যাকটিসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ভেঙ্কটেশ সুন্দরমনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে তার বাসভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- বিশিষ্ট শিক্ষা বিশেষজ্ঞ কোয়েন গেভেন, ঢাকাস্থ এডুকেশন গ্লোবাল প্র্যাকটিসের সিনিয়র অপারেশন অফিসার ড. মোখলেসুর রহমান ও কনসালট্যান্ট এম আসাহাবুর রহমান।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা এ বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য উপাচার্য অতিথিদের ধন্যবাদ জানান উপাচার্য।

