তালুকদার রুমী : আগামী ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনা জেলার ৭টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। শতভাগ বিদ্যুতায়িত ৭টি উপজেলা হচ্ছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন ভাঙ্গুরা উপজেলা, চাটমোহর উপজেলা, ফরিদপুর উপজেলা, ঈশ্বরদী উপজেলা এবং পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন সাঁথিয়া উপজেলা, সুজানগর উপজেলা ও আটঘরিয়া উপজেলা।
২০১৮ সালের ডিসেম্বর নাগাদ সরকার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন এলাকায় শতভাগ বিদ্যুতায়নের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। বর্তমানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক সংখ্যা ২ কোটি ৩১ লাখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৪৬০টি উপজেলার মধ্যে ৫১টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.) এর গতিশীল নেতৃত্বে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতিতে বিদ্যুতায়নের কাজ এগিয়ে চলছে। বিশাল এ কর্মযজ্ঞ বাস্তবায়নে বাপবিবোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.) এর সার্বিক দিকনির্দেশনায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার/সিনিয়র জেনারেল ম্যানেজারগণ অত্যন্ত দক্ষতার সাথে কার্যক্রম পরিচালনা করছেন। সরকার পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সকল সরঞ্জামাদি বিনামূল্যে সরবরাহ করলেও এলাকাভিত্তিক এক শ্রেণীর দালাল, রাজনীতিবিদ, ঠিকাদার এবং মধ্যস্বত্ত্বভোগীরা গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। গ্রাহক হয়রানি এবং প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ বাপবিবোর্ডের গোচরীভূত হওয়ার পর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (প্রশাসন) ও সরকারের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটওয়ারীকে প্রধান করে দুর্নীতি বিরোধী একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ইতোমধ্যে এ টাস্ক ফোর্সের প্রধানসহ অন্যান্য সদস্যগণ নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং কুড়িগ্রাম-লালমনিরহাট পবিস-এ দুর্নীতিবিরোধী গণশুনানিতে অংশগ্রহণ করেন।

