বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক ফারুক। ‘লাঠিয়াল’ খ্যাত এ অভিনেতা ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’, ‘মিয়া ভাই’সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনাও করেন তিনি।
অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিলেও তার ক্যারিয়ারের ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জমা পড়েছে একবার। ১৯৭৫ সালে তিনি ‘লাঠিয়াল’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে এই পুরস্কারটি লাভ করেন। এবার ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননার ট্রফি উঠেছে তার হাতে।
আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছে এবারের ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর। সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আজীবন সম্মাননা ট্রফি গ্রহণ করেন এই অভিনেতা।
এ সময় ফারুক বলেন, ‘আজীবন সম্মননা পেলাম। এই সম্মননা এমনিতে পাওয়া যায় না। এই সম্মানের জন্য অনেক কষ্ট করতে হয়। এই সম্মান আমার একার নয়। এই সম্মান আপনাদের সবার। আমি আমার হৃদয় থেকে এই সম্মাননা সবাইকে উৎসর্গ করছি।’
এবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নায়ক ফারুকের পাশাপাশি আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ববিতা। যৌথভাবে আজীবন সম্মাননার নাম ঘোষণার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই অভিনেতা। এরপর সকল মান-অভিমান ভুলে এই সম্মাননা স্মারক গ্রহণ করলেন ফারুক।

