স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি। আজ শেষ ম্যাচে ঠিকই জ্বলে উঠলেন রোহিত শর্মা। মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরির কীর্তি গড়লেন। তার ব্যাটে চড়ে শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ভারত।
প্রথম ম্যাচ জিতেছিল ভারত, পরের ম্যাচ ইংল্যান্ড। ব্রিস্টলে আজ তৃতীয় ম্যাচটি ছিল তাই সিরিজ নির্ধারণী। আগে ব্যাট করতে নেমে জেসন রয়ের ঝোড়ো ফিফটিতে ৯ উইকেটে ১৯৮ রানের বড় স্কোর গড়েছিল ইংল্যান্ড। রোহিতের অপরাজিত সেঞ্চুরিতে ভারত সেটি পেরিয়ে গেছে ৮ বল বাকি থাকতেই।
লক্ষ্য তাড়ায় ২১ রানেই শিখর ধাওয়ানকে (৫) হারিয়েছিল ভারত। রোহিতের সঙ্গে দলকে ৬২ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে ফেরেন লোকেশ রাহুলও (১৯)।
এরপরই তৃতীয় উইকেটে অধিনায়ক কোহলির সঙ্গে ৮৯ রানের বড় জুটি গড়েন রোহিত। জয় থেকে ৪৮ রান দূরে থাকতে কোহলি (৪৩) ক্রিস জর্ডানকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরলেও হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন রোহিত।
৫৬ বলে ১১ চার ও ৫ ছক্কায় ঠিক ১০০ রানে অপরাজিত ছিলেন রোহিত। এই সেঞ্চুরির পথে টি-টোয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। পান্ডিয়া ১৪ বলে ৪ চার ও ২ ছক্কায় করেন ৩৩।
এর আগে রয় ও জস বাটলার ৭.৫ ওভারেই ৯৪ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন। কিন্তু এ জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ইংল্যান্ডের স্কোরটা দুইশ পার হয়নি। রয় ৩১ বলে ৭ ছক্কা ও ৪ চারে করেন ৬৭। বাটলার ৩৪, অ্যালেক্স হেলস ৩০, জনি বেয়ারস্টো করেন ২৫ রান।
৩৮ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার পান্ডিয়া। পরে তিনি ব্যাট হাতেও করলেন দারুণ। তবে আসল নায়ক তো ওই রোহিতই।

