স্পোর্টস ডেস্ক : দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না দানিলোর। ঊরুর চোট কাটিয়ে সদ্যই ফিরেছিলেন অনুশীলনে। কিন্তু অনুশীলনে গোড়ালিতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্রাজিলের এই ফুল-ব্যাক।
বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন দানিলো। এরপর অনুশীলনে ঊরুতে চোট পাওয়ায় সেলেসাওদের পরের তিন ম্যাচে তিনি আর মাঠে নামতে পারেননি।
শুক্রবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ফিরেছিলেন তিনি। সেখানেই বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন, যা তাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে, ২৬ বছর বয়সি দানিলোর বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও দানিলো দলের সঙ্গেই থাকবেন। এরই মধ্যে ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডারের চিকিৎসাও শুরু হয়ে গেছে।
দানিলোর জায়গায় শেষ তিন ম্যাচে খেলেছেন করিন্থিয়ান্সের রাইট-ব্যাক ফাগনার। শুক্রবার বেলজিয়ামের বিপক্ষেও তারই মাঠে নামার কথা। কাজানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

