নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির Grey Area এর কারণসমূহ উদ্ঘাটন, সংশ্লিষ্টদের চিহ্নিতকরণ, প্রতিকার-এর লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক গঠিত টাস্ক ফোর্সের উদ্যোগে গত ২৭-০৬-২০১৮ ইং বুধবার সকাল সাড়ে ১১.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সাওঘাটস্থ নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ গণশুনানি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন টাস্ক ফোর্স এর আহ্বায়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (প্রশাসন) জনাব মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী, নির্বাহী পরিচালক জনাব মোঃ দহিদুল ইসলাম ও প্রধান প্রকৌশলী (প্রকল্প) জনাব মোঃ জালাল উদ্দিন মিয়াসহ টাস্ক ফোর্সের অন্যান্য সদস্যগণ। গণশুনানিকালে নারায়ণগঞ্জ পবিস-২ এর আওতাধীন বিভিন্ন এলাকার দুর্নীতি/হয়রাণীর শিকার এবং অভিযোগ রয়েছে এমন গ্রাহক/বিদ্যুৎ সংযোগ প্রত্যাশীগণসহ সমিতির সাবেক পরিচালক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শুরুতে বাপবিবোর্ডের সদস্য (প্রশাসন) জনাব মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী দুর্নীতির Grey Area এর কারণসমূহ উদ্ঘাটন, সংশ্লিষ্টদের চিহ্নিতকরণ এবং প্রতিকার বিষয়ে উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদেরকে মৌখিক ও লিখিত মতামত প্রদানের জন্য অনুরোধ জানান। এছাড়া বাপবিবোর্ডের নির্বাহী পরিচালক জনাব মোঃ দহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হওয়ার ফলে আজ বাপবিবোর্ডের গ্রাহক সংখ্যা ২ কোটি ৩০ লাখ। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে দুর্নীতিমুক্ত করতে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত সাধারণ জনগণ তাদের বক্তব্যে বলেন, বিগত সময়ের চেয়ে দুর্নীতির ব্যাপকতা বর্তমানে অনেকাংশেই হ্রাস পেয়েছে। তারপরও কিছু দালাল রয়েছে যারা পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের সুনাম নষ্ট করছে। সিসি ক্যামেরার মাধ্যমে দালালদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সাধারণ জনগণ পরামর্শ দেন। টাস্ক ফোর্সের আহ্বায়ক গ্রাহকদের মৌখিক অভিযোগ শোনেন এবং নির্ধারিত ফরমে তাদের লিখিত অভিযোগ ও পরামর্শ গ্রহণ করেন।

