স্পোর্টস ডেস্ক : আবারো আলোচনায় নেইমারের ‘অভিনয়’। ব্রাজিলকে রাশিয়া বিশ্বকাপের শেষ আটের টিকিট পাইয়ে দেওয়ায় নেইমারকে নিয়ে উল্লাসে মেতে উঠার কথা।
কিন্তু সেরকম কিছুই হচ্ছে না। উল্টো দুয়োধ্বনি শুনছেন বিশ্বের সবথেকে দামী খেলোয়াড়। কারণ তার ‘অভিনয়’। তাকে আটকাতে বিপক্ষ দলের খেলোয়াড়রা বাড়তি কিছু করবেন তা জানা। তাইতো বারবার ফাউলের শিকার হন নেইমার। রেফারির দৃষ্টি আকর্ষণ ও সহানুভূতি পেতে ফাউলের শিকার হয়ে ‘অভিনয়’ করেন নেইমার। রাশিয়া বিশ্বকাপে সেই ‘অভিনয়’ এখন সবথেকে বেশি আলোচনায়। মাত্রাতিরিক্ত ‘অভিনয়’ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তার স্পোর্টসম্যানশিপ নিয়েও উঠছে প্রশ্ন।
মেক্সিকোর বিপক্ষে প্রি-কোয়োর্টার রাউন্ডের ম্যাচে সোমবার গোল করেন নেইমার। তার গোলে লিড নেয় ব্রাজিল। এরপর তার অ্যাস্টিস্টে গোল করেন ফিরমিনো। ইনজুরি থেকে ফেরার পর রাশিয়া বিশ্বকাপ দিয়ে মাঠে ফিরেছেন নেইমার। গ্রুপ পর্বের তিন ম্যাচ খেললেও মেক্সিকোর বিপক্ষে নেইমার ছিলেন চেনা ছন্দে। নিজেকে ফিরে পেয়েছেন দারুণভাবে। কিন্তু তার ‘অভিনয়’ সব অর্জন যেন মাটিতে মিশিয়ে দিল।
দ্বিতীয়ার্ধে নেইমারের পায়ে ইচ্ছাকৃতভাবে বুট দিয়ে আঘাত করেন মেক্সিকোর মিগুয়েল লায়ুন। সাইড লাইনের বাইরে নেইমার ব্যথায় ‘গড়াগড়ি’ করেন। পুরো ঘটনাকে ‘অভিনয়’ বলে ব্যাখ্যা দিয়েছেন মেক্সিকোর কোচ। ম্যাচ শেষে নিজের রাগ প্রকাশ করে হুয়ান কার্লোস ওসোরিও বলেন,‘এটা ফুটবলের জন্য লজ্জার। তার অভিনয় করা মোটেও উচিত হয়নি। যেসব শিশুরা খেলাটি দেখেছে তারা ভুল শিখছে। এটা লজ্জা।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারকে নিয়ে ট্রল হচ্ছে। বিশ্বের সেরা খেলোয়াড়ের কাছ থেকে এমন উদ্দেশ্যপ্রণোদিত ‘অভিনয়’ মানতে পারছেন না অনেকেই। আয়ারল্যান্ড দলের ম্যানেজার মার্টিন ও’ নিল আইটিভিতে দেওয়া এক সাক্ষাতকারে, নেইমারের ‘অভিনয়’-কে নগণ্য বলেছেন। তার ভাষ্য,‘নেইমার ‘নগণ্য অভিনয়শিল্পী’ হিসেবে নিজেকে পরিচিত করছেন। সত্যি বলতে ও (মিগুয়েল লায়ুন) যা করেছে তাতে রেড কার্ড এ সময়ে বাধ্যতামূলক। তারপরও এতটাও আঘাত করেনি যে নেইমারকে সেরকম কিছু করতে হবে। ও দূর্দান্ত একজন খেলোয়াড়। পাশাপাশি দুর্দান্ত একজন অভিনেতা! আজ তেমন কিছু হয়নি। তবুও সে তার স্বাভাবিক খেলাটা খেলতে পারল না। তাকে ডজনবার ফাউল করা হয়েছে। সে বারবার উঠে দাঁড়িয়েছে। পুরো বিশ্বকাপে এখন পর্যন্ত ভালো খেলেই যাচ্ছে। ওগুলো (অভিনয়) করার প্রয়োজন নেই।’

