আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি কারাগার থেকে হেলিকপ্টারে করে পালিয়েছে এক দুধর্ষ চোর। কয়েকজন ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ব্যক্তির সহায়তায় রোববার ৪৬ বছরের রেডোইন ফেইদ প্যারিসের দক্ষিণ-পূর্বের এলাকা রিয়াউর কারাগার থেকে পালিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
২০১০ সালের একটি ডাকাতির পরিকল্পনার অভিযোগে একটি আপিল আদালত রোডোইনকে ২৫ বছরের কারাদন্ড দিয়েছে। ডাকাতির ওই ঘটনায় এক পুলিশ সদস্য খুন হয়েছিল। মামলার রায় ঘোষণার পরই তিন ব্যক্তির সহযোগিতায় কারাগার থেকে পালিয়ে যান রেডোইন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্যারিসের উত্তর-পূর্বের একটি উপশহর থেকে হেলিকপ্টারটি জব্দ করা হয়েছে। প্যারিসের পুরো অঞ্চলে রেডোইনের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।
ব্যাংক ডাকাতির একটি মামলায় প্যারোলের শর্ত ভাঙ্গায় ২০১১ সালে কারাগারে প্রেরণ করা হয় রেডোইনকে। ২০১৩ সালে ডিনামাইট ব্যবহার করে ফ্রান্সের উত্তরাঞ্চলের একটি কারাগার থেকে পালান তিনি। এর কয়েক সপ্তাহ পর অবশ্য একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।

