স্পোর্টস ডেস্ক : ১৯৭৮ বিশ্বকাপে প্রথম অভিষেক হয় তিউনিসিয়ার। সেবার মেক্সিকোকে ৩-১ গোলে হারিয়ে চমকে দিয়েছিল আফ্রিকার দেশটি। এরপর চারবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় দলটি।
কিন্তু কোনো ম্যাচেই জয় পায়নি তারা। ৪টি ড্র আর ৯টি হার। হারের তিক্ত স্বাদ আর ড্রতে ঘুরপাক খেতে থাকে দলটি। অবশেষে ভাগ্যদেবী ফিরে তাকাল তাদের দিকে। ৪০ বছর পর বিশ্বকাপে দ্বিতীয় জয়ের মুখ দেখল তিউনিসিয়া।
বৃহস্পতিবার রাতে তিউনিসিয়া ২-১ গোলে হারিয়েছে নবাগত পানামাকে। দুই দলই রাশিয়া বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছে। তাই তাদের লড়াইয়ে ছিল না বিন্দুমাত্র আগ্রহ! কিন্তু দুই দলের লড়াইটা ছিল জমজমাট। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দুই দলই নিজেদের সেরা খেলাটা উপহার দেয়। কিন্তু শেষ হাসিটা হাসে তিউনিসিয়া।
অভিষেক আসরে বিশ্বকাপ থেকে কোনো জয় পেল না পানামা। আত্মঘাতী গোলে প্রথমার্ধে লিড নিয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে পানামা দুই গোল হজম করে। ৪০ বছর আগের জয়ের সঙ্গে এবারের জয়েরও অদ্ভুত মিল রয়েছে তিউনিসিয়ার। সেবার মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধে ফিরে মেক্সিকোর জালে তিনবার বল পাঠায়। এবারও পিছিয়ে থেকে দারুণ জয় পেয়েছে তিউনিসিয়া।
ম্যাচের ৩৩ মিনিটে ইয়াসিন মেরিয়াহর পায়ে গেলে বল তিউনিসিয়ার জালে জড়ায়। আত্মঘাতী এ গোলে লিড পায় পানামা। দ্বিতীয়ার্ধে তিউনিসিয়ার মান রক্ষা করেন ফখরেদ্দিন বেন ইউসুফ ও আনিস বাদরি। তাদের গোলে বিশ্বকাপে দ্বিতীয় জয়ের স্বাদ পায় তিউনিসিয়া। সেটাও ৪০ বছর পর। দীর্ঘদিনের অপেক্ষা অবশেষে ফুরালো ।

