লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটওয়ারীর হাট ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন রাজু ওই ইউনিয়নেরই এক প্রাক্তন সদস্যকে পিটিয়েছেন।
মারধরের শিকার হওয়া ইউপি সদস্য’র নাম ফয়েজ আহমদ। তিনি ওই ইউনিয়নের আওয়ামীলীগেরও সহ-সভাপতি। স্থানীয়দের অভিযোগ, দূর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় ফয়েজ আহমদকে মারধর করা হয়েছে। আহত ফয়েজ আহমদ এখন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুরে লক্ষ্মীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পিছনে তিনি মারধরের শিকার হন।
জানা যায়, গত মঙ্গলবার পাটওয়ারীহাট ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের কাজ সরেজমিনে দেখতে যান জেলার কয়েকজন সংবাদকর্মী। এসময় তারা প্রকল্পের বিভিন্ন অনিয়মের বিষয়ে চেয়ারম্যানের বক্তব্য জানতে যান। এতে চেয়ারম্যান ফয়েজ আহমদের ওপর ক্ষুব্ধ হন। তার ধারণা, ফয়েজ আহমদ সংবাদকর্মীদের এসব অনিয়মের তথ্য দিয়েছেন। আর এ কারণেই ফয়েজ আহমদের উপর হামলা।
সদর হাসপাতালে চিকিৎসাধীন ফয়েজ জানান, বুধবার তিনি ব্যক্তিগত কাজে জজকোর্টে আসেন। এসময় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন রাজুর সাথে দেখা হয়। চেয়ারম্যান কৌশলে তাকে কোর্ট ভবনের পিছনে নিয়ে যান। সেখানে চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিকদের বিভিন্ন অনিয়মের তথ্য দেওয়ার অভিযোগ তুলে চেয়ারম্যান ও তার লোকজন তাকে মারধর করেন । এ সময় ফয়েজ চিৎকার করলে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে।
লক্ষ্মীপুর জেলা জজকোর্টের ওসি মো. শহীদ উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অ্যাডভোকেট নুরুল আমিন রাজু সিনিয়র আইনজীবিদের সামনে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। ঘটনাটি ভূল বোঝাবুঝি বলে চেয়ারম্যান নিজেই তাকে জানিয়েছেন ।
এ দিকে কমলনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাটওয়ারীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন রাজু জানান, ফয়েজ আহমদের ওপর হামলার কথা বিভিন্ন লোকজনের মাধ্যমে শুনেছেন। তবে এ হামলার সাথে তিনি কোনভাবেই জড়িত নন।
পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন জানান, বিষয়টি তিনিও শুনেছেন। এখনও কোন লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

