নিজস্ব প্রতিবেদক : ঘুষ গ্রহণকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর হাসেন আলীকে হাতে-নাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা হিসাবরক্ষণ অফিসের নিজ কার্যালয়ে ঘুষের টাকা গ্রহণকালে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল তাকে হাতে-নাতে গ্রেপ্তার করে।
এ সময় ময়মনসিংহ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। ময়মনসিংহ দুদক কার্যালয় থেকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, মোয়াজ্জেম হোসেন নামের একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতনসহ বকেয়া বিল পাসের জন্য হাসেন আলী ১৫ হাজার টাকা ঘুষ দাবি করলে, তিনি দুদকে অভিযোগ করেন। তার অভিযোগ আমলে নিয়ে কমিশন থেকে বিশেষ টিম গঠন করা হয়। দুদকের ফাঁদে পা দিয়ে বৃহস্পতিবার ঘুষের ১০ হাজার টাকা গ্রহণকালে সংস্থাটির বিশেষ দলের সদস্যরা তাকে হাতে-নাতে গ্রেপ্তার করে।
দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী সাধন চন্দ সূত্রাধর বাদী হয়ে এ বিষয়ে মামলা দায়ের করেছেন।
প্রসঙ্গত, গত ২৬ জুন ঢাকা ওয়াসার (জোন-৯) উত্তরা প্রকল্প ব্যবস্থাপক কার্যালয়ের ফিল্ড অফিসার মো. জাহিদুর রহমানকে ২ লাখ টাকা ঘুষসহ হাতে-নাতে গ্রেপ্তার করেছিল দুদকের একটি টিম।

