ঢাকাFriday , 22 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাপক দূষণে হালদায় মাছ মরছে

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী ব্যাপক দূষণের শিকার হয়েছে। পানিতে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় মাছ মরে ভেসে উঠছে।
সর্বশেষ বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের বিশেষজ্ঞ টিম নদীর ১০টি পয়েন্টের পানির পরীক্ষা করে দূষণের এই চিত্র পেয়েছে। প্রতি লিটার পানিতে দ্রবীভূত অক্সিজেনের স্বাভাবিক মাত্রা থাকে ৫ মিলিগ্রাম। কিন্তু হালদায় পাওয়া গেছে ২ মিলিগ্রামের চেয়ে কম। এত কম পরিমাণ অক্সিজেনের মধ্যে মাছ বেঁচে থাকা সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা বলেছেন। ফলে মাছ মরে ভেসে উঠছে।
হালদা নদীর গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া জানান, গত দুই যুগের বেশি সময় হালদা নিয়ে গবেষণা করছেন। কিন্তু হালদার পানি এত দূষণ হতে দেখেননি। বৃহস্পতিবার নদীর কর্ণফুলীর মুখ, খন্দকিয়া খালের মুখ, কাটাখালী খালের মুখ, মাদারিখালের মুখ, রামদাশ হাট এলাকা, নাপিতের ঘোনা, আজিমের ঘাট, মাছুয়াঘোনা, সর্তারঘাট এলাকাসহ ১০টি পয়েন্টে থেকে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে পানিতে দ্রবীভূত অক্সিজেন কম পাওয়া গেছে, যা মাছের বসবাসের উপযোগী নয়। নমুনা পরীক্ষায় উজানের চেয়ে ভাটি এলাকায় দূষণের মাত্রা বেশি পাওয়া গেছে। এর মধ্যে রাউজানের আজিমের ঘাট থেকে মদুনাঘাট পর্যন্ত আট কিলোমিটার এলাকায় দূষণের মাত্রা তুলনামূলক বেশি।
ড. মনজুরুল কিবরীয়া জানান, প্রতি লিটার পানিতে দ্রবীভূত অক্সিজেনের স্বাভাবিক মাত্রা থাকে ৫ মিলিগ্রাম। কিন্তু হালদার পানিতে রয়েছে ২ মিলিগ্রামের চেয়ে কম। এত কম পরিমাণ অক্সিজেনের মধ্যে মাছ বেঁচে থাকা সম্ভব নয়। তাই হালদার রুই জাতীয় মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে নদীতে।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে হালদায় ছোট ছোট মাছ মারা পড়লেও বৃহস্পতিবার পাওয়া গেছে প্রচুর বড় বড় মৃত মাছ। এর মধ্যে রুই জাতীয় (রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ) মাছ রয়েছে। ১৫ কেজি ওজনের একটি মৃত মৃগেল মাছ পাওয়া গেছে। পরে গবেষণার লক্ষ্যে মাছটির কঙ্কাল সংগ্রহে সেটি মাটি চাপা দেওয়া হয়। মৃগেল ছাড়াও বড় বড় কাতলা, আইড়, চিংড়ি, বাইন, টেংরাসহ নানা প্রজাতির মাছ ও জলজ প্রাণী মরে ভেসে উঠছে হালদায়।
সম্প্রতি হালদার দুই তীর রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি এলাকায় বন্যা দেখা দেয়। বন্যার পানি নামার পর কয়েক দিন ধরে মাছ মরে ভেসে ওঠার বিষয়টি নজরে আসে। নদীর পানি কালো রং ধারণ এবং দুর্গন্ধ ছড়াতে থাকে। গত মঙ্গলবার ও বুধবার নদীতে ছোট আকারের মরা মাছ দেখা গেলেও বৃহস্পতিবার সকাল থেকে প্রচুর পরিমাণে বড় মাছ ও জলজ প্রাণী মরে ভেসে উঠতে দেখা যায়। নদী দূষণ ও মাছ মরে যাওয়ার কারণ নির্ণয়ের জন্য মাঠে নামে বিশেষজ্ঞ টিম। তাদের পরীক্ষায় নদীর পানি দূষণের চিত্র উঠে আসে।