বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পুলিশের তালিকাভুক্ত অন্যতম মাদক বিক্রেতা একাধিক মামলার আসামি রেজাউল করিম ওরফে ডিপজল (৩৮) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে শহরের মালগ্রাম ছিলিমপুর নতুন বাইপাস এলাকায় দুর্বৃত্তদের গোলাগুলিতে ওই মাদক বিক্রেতা আহত হন বলে দাবি করেছে পুলিশ। পরে খবর পেয়ে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
মে মাসে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরুর পর এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কেউ বন্দুকযুদ্ধে মারা গেছে আর কারো কারো গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে, টেকনাফের কাউন্সিলর একরামের মৃত্যু নিয়ে বন্দুকযুদ্ধের বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়।
জেলার অতিরিক্তি পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় গোলাগুলি হচ্ছে এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের কয়েকটি টহল টিম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুত সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ পড়ে থাকতে দেখা যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত উদ্ধার করে শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, শহরের মালগ্রাম উত্তরপাড়ার আব্দুল মান্নানের ছেলে তিনি। তার বিরুদ্ধে সদর থানায় মাদক, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইনেসহ মোট ১০টি মামলা রয়েছে। ২০১৭ সালের ৮ মার্চ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যকে কর্তব্যরত অবস্থায় তিনি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছিলেন। তিনি এলাকায় মাদক সম্রাট নামে সর্বাধিক পরিচিত বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।

