নিউজ ডেস্ক : সুন্দরবনের দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা সাবেক বনদস্যু-জলদস্যু বাহিনীর সদস্যদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী দিয়েছে র্যাব-৬।
বৃহস্পতিবার দুপুরে খুলনার লবণচরের র্যাব-৬ সদর দপ্তরে এসব সদস্যের হাতে উপহারসামগ্রী তুলে দেন অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লে. কমান্ডার জাহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডজুডেন্ট সিনিয়র এএসপি নুরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা।
অনুষ্ঠানে আত্মসমর্পণকৃত তিনটি সাবেক বনদস্যু-জলদস্যু বাহিনীর ৩১ জন সদস্যকে ঈদুল ফিতরের উপহার হিসেবে পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি, সেমাই, দুধ, চিনি দেয়া হয়।
গত ২ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদের হাতে অস্ত্র তুলে দিয়ে খুলনায় এসব বনদস্যু আত্মসমর্পন করেন।
অনুষ্ঠানে র্যাব-৬’র অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব বলেন, আত্মসমর্পণ করা সাবেক এ বনদস্যু-জলদস্যুদের সুন্দর স্বাভাবিক জীবনে ফেরাতে র্যাব-৬ সার্বিক সহযোগিতা করবে।
র্যাব মহাপরিচালকের কথা ধরে তিনি বলেন, সুন্দরবনের জলদস্যু/বনদস্যু সংক্রান্ত সমস্যা সমাধানে র্যাব-৬’র পক্ষ থেকে আরও বেশি কার্যকর ব্যবস্থা নেয়া হবে। সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত করতে সর্বাত্মক চেষ্টা চলছে।

