নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন হবে। আর এই নির্বাচনে বিএনপিকে নাকে খত দিয়ে আসতে হবে।
রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সড়ক পরিবহন শ্রমিক লীগ ওই অনুষ্ঠানের আয়োজন করে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান যতই পালিয়ে থাকুক আইন তার নিজস্ব গতিতে চলবে। সেই হিসেবে তাদের বিচার হবে। এছাড়া আল্লার তরফ থেকেও তাদের বিচার লেখা হয়ে গেছে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া ও তারেকের মিথ্যাচারে দেশ ভরে গেছে। পাকিস্তানের আইএসআইয়ের এজেন্ট হিসেবে তারা দেশকে অকার্যকর করতে চায়। এই মিথ্যাচারের বিরুদ্ধে সত্য উৎঘাটন আওয়ামী লীগের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।’
বিএনপির আন্দোলন সর্ম্পকে তিনি বলেন, ‘তাদের আন্দোলন রাজপথে নেই, যা আছে তা মিডিয়ায়। তারা যদি রাজপথে আন্দোলন করতে চায় তাহলে রাজপথে মোকাবেলা করে তার জবাব দেয়া হবে। বিএনপি নেত্রী বলেছেন, তারা ঈদের পর আন্দোলন করবেন। তাদের বলে রাখি, এই সরকারের আমলে আরও ঈদ আছে। দেখা যাক কোন ঈদে তারা আন্দোলন করে।’
এসময় সংগঠনের সভাপতি ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক ইনসুর আলী, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

