নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোটসহ ১০ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসন্ন ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরি চক্রগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি চক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাল এক কোটি টাকা এবং জাল টাকা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম ও পরিচয় জানাতে পারেননি সুমন কান্তি চৌধুরী।

