ঢাকাTuesday , 5 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হকারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপে যাচ্ছে সিসিক

Link Copied!

সিলেট প্রতিনিধি : সড়কে বসতে না দেওয়ায় মহানগর হকার্স লীগ নেতা আব্দুর রকিবের নেতৃত্বে সিলেট সিটি করপোরেশন (সিসিক) মেয়রের ওপর হামলার চেষ্টা ও নগর ভবনে হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপে যাচ্ছে নগর কর্তৃপক্ষ।
বিষয়টি জানিয়েছেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাহাব উদ্দিন শিহাব। তিনি জানান, আব্দুর রকিবকে প্রধান আসামি করে করপোরেশনের আইন শাখা মামলা সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত করছে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গৌছুল হোসেন জানান, মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
এদিকে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরী বন্দরবাজার থেকে সুরমা মার্কেট পয়েন্ট এবং বন্দরবাজার থেকে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত হকারদের বিরুদ্ধে অভিযান চালান মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় সিলেট চেম্বার, সিলেট প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মেয়রের সাথে উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন সিলেটের বিশিষ্টজনেরা। তারা বলেছেন, নগরীর বন্দরবাজার এলাকায় হকারদের তাণ্ডব, নগর ভবনে হামলা এবং মেয়র আরিফুল হক চৌধুরীর ওপর হামলার প্রচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। হামলাকারী যেই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
নগরীর বন্দরবাজার থেকে হকার উচ্ছেদ নিয়ে সোমবার বিকেলে সিটি করপোরেশন সংশ্লিষ্টদের সাথে হকারদের অপ্রীতিকর ঘটনা ঘটে। এ পরিপ্রেক্ষিতে সোমবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে নগরবাসীর ব্যানারে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট জেলা আইনজীবী সমিতি, সিলেট চেম্বার, সিলেট প্রেসক্লাব, বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীবৃন্দসহ নগরীর বিশিষ্টজনেরা অংশ নেন।
সভায় হকারদের তাণ্ডবের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি হকার উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন।
প্রসঙ্গত, সোমবার বিকেলে বন্দরবাজার এলাকায় সড়কের প্রায় অর্ধেক পথজুড়ে বসে হকাররা। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় সিটি করপোরেশনের কয়েকজন কর্মী সেখানে গিয়ে তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।
এতে বিক্ষুব্ধ হয়ে উঠে হকাররা তাদের ওপর হামলা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সেখানে গেলে তাকে লক্ষ করে হকাররা ইট-পাটকেল নিক্ষেপ করে। একই সাথে তারা সিটি করপোরেশনেও হামলা চালায় বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘রকিবের নেতৃত্বে পরিকল্পিতভাবে হকাররা সিটি করপোরেশন কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে সিটি করপোরেশনের কর্মচারী আনসার আলী, সুমন আহমদ ও ইউসুফ মিয়া আহত হয়েছেন।’