যশোর প্রতিনিধি : যশোরের শার্শায় পরিবহন-ভটভটির (ইঞ্জিন চালিত তিন চাকার যান) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও সাতজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারণ ত্রিমোহিনী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শার্শার ত্রিমোহিনী শ্যামলাগাছি নামক স্থানে পরিবহণ ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ঝিকরগাছা উপজেলার জগনন্দকাটি গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহিদ হোসেন (৪২) ও একই উপজেলার কুমরী গ্রামের নুরালী সরদারের ছেলে জিয়ারুল ইসলাম (২৮) নামে দুইজন নিহত হয়।
আহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামের আবুল হোসেনের ছেলে তাজু (২৭), মনিরুল ইসলামের ছেলে শাওন (২৬), ফারুক হোসেনের ছেলে জাহিদ (২৪), জাকের আলীর ছেলে কামাল গাজী (২৯), জানালী সরদারের ছেলে আয়ুব আলী (২৫), ইসমাইল গাজীর ছেলে আবু বক্কর ছিদ্দিক (৩০) ও ইলিশপুর গ্রামের ফজের আলীর ছেলে ইসমাইল হোসেন (২৩)।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জেন পলিটন মিয়া জানান, যশোর-বেনাপোল হাইওয়ে সড়কের শার্শা উপজেলার নাভারণ ত্রিমোহিনী মোড় নামক স্থানে বেনাপোলগামী একটি পরিবহনের বিপরীতমুখী ভটভটির (ইঞ্জিন চালিত তিন চাকার যান) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ভটভটির দুই যাত্রী নিহত হন এবং সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শার্শা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহতদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আর একজনের মৃত্যু হয়।

