চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে কোস্টগার্ড পূর্ব জোন কর্তৃক জব্দকৃত ১০ লাখ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়েছে।
রোববার দুপুরে নগরীর কোস্টগার্ড পূর্ব জোন চট্টগ্রাম বেজে আয়োজিত এক মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে এই বিপুল পরিমাণ ইয়াবা ধ্বংস করা হয়। ইয়াবা ছাড়াও একই অনুষ্ঠানে ১ হাজার ৫৪৯ বোতল বিয়ার ক্যান, ১৯৬ বোতল বিদেশি মদ, ৩৯ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কোস্টগার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। বক্তব্য রাখেন কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মকসুদ।
এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরুল আলম মিনা ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নৌবাহিনী, চট্টগ্রাম জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্টগার্ডের চট্টগ্রাম জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মকসুদ জানান, কোস্টগার্ড নানা সীমাবদ্ধতার মাঝেও অবৈধ মাদক উদ্ধার ও সমুদ্র নিরাপত্তায় কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। ২০১৭ সালে উদ্ধারকৃত ইয়াবাসহ অন্যান্য মাদক আজ ধ্বংস করা হয়েছে।

