নিজস্ব প্রতিবেদক : মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দলের স্পিন অলরাউন্ডার। সম্প্রতি তার গলফের প্রতিও আগ্রহ বেড়েছে। চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ইংল্যান্ডে গিয়ে থেকেছিলেন গলফ ক্লাবের পাশে। প্রতিদিন সেখানে গলফ খেলা দেখতে দেখতে তার আগ্রহ জন্মায় গলফের প্রতি। এখন তার গলফার হতেও ইচ্ছা করছে।
আজ শুক্রবার কুর্মিটোলা গলফ ক্লাবে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, কখনো গলফার হতে ইচ্ছে হয়েছে কিনা? জবাবে মিরাজ বলেন, ‘এখন আসলে ইচ্ছে করছে। আমি যখন ক্রিকেট খেলা শুরু করি। তখন গলফ কিংবা অন্য খেলাগুলো তেমনভাবে বুঝতাম না। চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডে যেখানে ছিলাম, এর পাশে গলফ ক্লাব ছিল। ওটা দেখার পর ভালো লেগেছে। যখন সিদ্দিক ভাইয়ের কথা শুনেছি, তখন থেকে ভালো লাগছে। ভাবতে ভালো লাগছে, গলফের মাধ্যমে বিশ্বে আমাদের দেশকে সিদ্দিক ভাই প্রতিনিধিত্ব করছেন।
চিত্রনায়ক রিয়াজও আজ কুর্মিটোলায় গিয়েছিলেন। তার সঙ্গে গলফ খেলেছেন মিরাজ। সেই অনুভূতি প্রকাশ করে মিরাজ বলেন, ‘ভাইয়ের সঙ্গে খেলে খুব ভালো লেগেছে। ওনাকে টিভিতে দেখিছি অনেক। আজকে সামনাসামনি দেখে খুব ভালো লাগছে। পরিচিত হতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। এমন একটি সুন্দর পরিবেশে রিয়াজ ভাই সিদ্দিক ভাইয়ের সঙ্গে দেখা হল।’
ক্রিকেট খেলা সহজ নাকি গলফ? এমন প্রশ্নের জবাবে মিরাজ হেসে বলেন, ‘আজই প্রথম খেললাম। খুব ভালো লেগেছে। যখন স্ট্রিক ধরলাম খুব ভালো লেগেছে। রিয়াজ ভাই খুব সাপোর্ট করেছে।’
দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান যখন ভালো করেন তখন আর দশজনের মতো মিরাজেরও তাকে নিয়ে গর্ব হয়। তিনি গলফে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বিশ্বময়, ‘আমরা যেমন ক্রিকেট খেলে দেশকে প্রতিনিধিত্ব করছি। সিদ্দিক ভাইরা গফল খেলে, রিয়াজ ভাইরা অভিনয় করে দেশের প্রতিনিধিত্ব করেন। শুধু যে ক্রিকেটে দিয়েই আমরা বাংলাদেশকে পরিচিত করেছি, তা নয়। অন্যসব খেলার মাধ্যমেও আমাদের দেশ বহির্বিশ্বে পরিচত হয়েছে।’

