বিনোদন ডেস্ক : ‘কাঁটাবনে রাস্তার মধ্যে শুটিং করছিলাম। কিন্তু শুটিং ইউনিটের সরঞ্জাম রাস্তায় ছিল না। ক্যামেরা ছিল পাশের একটি বিল্ডিংয়ের ছাদে। আমি আর অর্চিতা স্পর্শিয়া আপু রাস্তায় দাঁড়িয়ে শট দিচ্ছিলাম। দৃশ্যটিতে আমরা এক ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছি। দৃশ্যের প্রয়োজনে আমরা দৌড়াদৌড়ি করছিলাম। একই অভিব্যক্তি বারবার দিচ্ছিলাম। রাস্তায় দুটি মেয়ের এমন কাণ্ড দেখে মানুষ দ্বিধায় পড়ে গিয়েছিল। মানুষ বুঝতে পারছিল না আমরা কী করছি। এ নিয়ে রাস্তার মানুষের কৌতূহল বেরে গিয়েছিল। বিষয়টি খুব উপভোগ করেছি।’ এভাবেই কথাগুলো বলেন লাক্স তারকা-অভিনেত্রী তনিন তানহা।
প্রথমবারের মতো বাংলাদেশে অমনিবাস বা অ্যান্থলজি সিনেমা নির্মাণের প্রচেষ্টা শুরু করেছেন ১১ জন তরুণ নির্মাতা। ইতোমধ্যে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী তার সিনেমার কাজ শেষ করেছেন। ‘ইতি, তোমারই ঢাকা’ নামে সিনেমাটির শাওকী নির্মিত অংশের গল্পের নাম ‘চিয়ার্স’। আর এতে অভিনয় করছেন তানিন তানহা ও অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে এসব কথা বলেন তানিন।
এ সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে তানিন তানহার। এ প্রসঙ্গে তানিন বলেন, ‘চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নিঃসন্দেহে এটা খুশির খবর। তাই আমারও ভালো লাগছে। এরপর থেকে নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে চাই। তবে বাণিজ্যিক ঘরানার সিনেমায় আগ্রহ ততটা নেই। ক্যারেক্টারাইজড কাজ করতে চাই। সব মিলিয়ে সিনেমাটির কাজ ভালো হয়েছে, ভালো কিছুই প্রত্যাশা করছি।’
২০-২১ বছর বয়সি দুজন নারীর গল্প ‘চিয়ার্স’। কোনো এক কারণে তাদের হৃদয় ভাঙার পর রাতেরবেলায় তারা কিছু একটা করতে ঢাকা শহরে অ্যাডভেঞ্চারে নামে। মূলত তাদের চোখ দিয়ে ঢাকা শহরকে দেখানো হবে এই সিনেমাটির গল্পে। এ দুই নারী চরিত্রে অভিনয় করেছেন তানিম তানহা ও অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটির একটি চরিত্রে অভিনয় করেছেন ‘স্বপ্নজাল’খ্যাত ইয়াশ রোহান।

