স্পোর্টস ডেস্ক : এল ক্লাসিকোয় পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তার খেলা নিয়ে শঙ্কা দেখছেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
ন্যু ক্যাম্পে রোববার উত্তেজনায় ঠাসা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। রিয়ালের প্রথম গোলটি করার সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান রোনালদো। দ্বিতীয়ার্ধে আর তাকে মাঠে নামাননি জিদান।
ম্যাচ শেষে জিদান বলেছেন, ‘ক্রিস্টিয়ানো এখন ভালো অবস্থায় নেই। কিন্তু আমি মনে করি, এটা ছোট বিষয়। সোমবার তার স্ক্যান করানো হবে। সে আমাদের বলেছে, এটা বড় কিছু নয়।’
আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার শেষ পাঁচ মৌসুমে চতুর্থ শিরোপা জয়ের হাতছানি স্প্যানিশ জায়ান্টদের সামনে।

