নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী।
রোববার সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলের কপি হস্তান্তর করেন। বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা এ সময় উপস্থিত ছিলেন।
আজ দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবেন তিনি। দুপুর ২টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।
এ বছর ৩ হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ৫০৪ জন। গত বছর এ পরীক্ষায় ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করে। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।
সে হিসেবে গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ২ দশমিক ৫৮ শতাংশ। তবে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ বেশি পেয়েছে ৫ হাজার ৮৬৮ জন। এ বছর শুধু এসএসসিতে পাসের হার ৭৯ দশমিক ৪০। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২ হাজার ৮৪৫ জন।
মাদ্রাসা বোর্ডের পাসের হার ৭০ দশমিক ৮৯, যা গত বারের চেয়ে ৫ দশমিক ৩১ শতাংশ কম। কারিগরি বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৯৬। গতবারের চেয়ে কমেছে ৬ দশমিক ৭৩ শতাংশ। গড় পাসের হার কমলেও এ বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ২১.৩৭ শতাংশ বেড়েছে। পাসের হার ৮০ দশমিক ৪০ শতাংশ।
চট্টগ্রাম, সিলেট, বরিশাল, যশোর, দিনাজপুর ও রাজশাহী বোর্ডে পাসের হার কমেছে। চট্টগ্রাম বোর্ডে পাস করেছে ৭৫ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী, যা গতবারের চেয়ে ৮ দশমিক ৪৯ শতাংশ কম। সিলেটে পাসের হার ৭০ দশমিক ৪২ শতাংশ, যা গতবারের চেয়ে ৯ দশমিক ৮৪ শতাংশ কম। বরিশালে পাসের হার ৭৭ দশমিক ১১ শতাংশ, কমেছে শূন্য দশমিক ১৩ শতাংশ। যশোরে পাসের পার ৭৩ দশমিক ৬৭ শতাংশ, কমেছে ৬ দশমিক ৩৭ শতাংশ।
দিনাজপুরে পাসের হার ৭৭ দশমিক ৬২ শতাংশ, কমেছে ৬ দশমিক ৩৬ শতাংশ। রাজশাহীতে পাসের হার ৮৬ দশমিক ০৭ শতাংশ, যা গতবারের চেয়ে ৪ দশমিক ৬৩ শতাংশ কম।

