ঢাকাFriday , 4 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফাইনালে রিয়ালকে হারাতে পারবে লিভারপুল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পরিষ্কার ফেবারিট রিয়াল মাদ্রিদ। তবে কিয়েভের ফাইনালে ‘লস ব্ল্যাঙ্কোস’দের লিভারপুল হারাতে পারবে বলে বিশ্বাস দলটির আক্রমণভাগের খেলোয়াড় সাদিও মানের।
বুধবার রাতে রোমার মাঠে সেমিফাইনালের ফিরতি লেগে ৪-২ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে থেকে ১২ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে লিভারপুল। অন্যদিকে রিয়াল মাদ্রিদ শেষ পাঁচ মৌসুমে চতুর্থ শিরোপার খোঁজে। আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।
মানে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের জার্সিতে ৯ গোল করেছেন। সেনেগালের এই ফরোয়ার্ডের বিশ্বাস, রিয়ালকে হারিয়ে শিরোপা জিততে পারবেন তারা।
ইংল্যান্ডে সাংবাদিকদের মানে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের জন্য আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। তারা বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু আমরা লিভারপুল। আমরা শক্তিশালী। বিশ্বের যেকোনো দলকে আমরা হারাতে পারি। আমাদের বিশ্বাস, আমরা রিয়ালকে হারাতে পারব।’
‘আমাদের যে খেলোয়াড় আছে, আমরা জানি, আমরা গোল করতে পারি। আমরা সেটা দেখিয়েছি। আমাদের ভয় পাওয়ার কিছুই নেই’- যোগ করেন মানে।
রোমার মাঠে প্রথম গোলটি করে নিজের গোলসংখ্যা ৯-এ নিয়ে গেছেন মানে। ১০টি করে গোল করেছেন আক্রমণভাগে তার অন্য দুই সতীর্থ মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনো।
এই তিনজনের ২৯ গোল চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে কোনো ক্লাব ত্রয়ীর সর্বোচ্চ। তারা ছাড়িয়ে গেছেন ২০১৩-১৪ মৌসুমে ২৮ গোল করা রিয়াল মাদ্রিদের ‘বিবিসি’ খ্যাত ত্রয়ী ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেলকে।
ফাইনালে উঠেছেন, তা যেন বিশ্বাসই করতে পারছেন না মানে, ‘সত্যি বলতে, আমি বিশ্বাসই করতে পারিনি স্বপ্নটা সত্যি হয়েছে। প্রত্যেকেই অনেক খুশি। এটা সত্যিই আমার সেরা দিনগুলোর একটি।’
‘এটা ফুটবলে অন্যতম সেরা এক মুহূর্ত। এমন মুহূর্ত সব খেলোয়াড়ের জীবনে আসে না, কিছু খেলোয়াড়ের জীবনে আসে। আমি বলতে পারি, ফুটবলে এটা আমার অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত। এই দল যা অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত’- বলেন মানে।