স্পোর্টস ডেস্ক : জিততে হলে এবারের আইপিএলে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হতো। ঝোড়ো ব্যাটিংয়ে চেষ্টা করেছিলেন ঋষভ পন্ত ও বিজয় শঙ্কর। কিন্তু সেটি জয়ের জন্য যথেষ্ট হলো না। তাদের ছাপিয়ে নায়ক ম্যাচের প্রথম ভাগে ঝড় তোলা শেন ওয়াটসন ও মহেন্দ্র সিং ধোনি।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কাল দিনের একমাত্র ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ১৩ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ২০ ওভারে চেন্নাই ৪ উইকেট হারিয়ে তুলেছিল ২১১ রান। জবাবে ৫ উইকেটে ১৯৮ রানে থামে দিল্লির ইনিংস।
পরশু রাজস্থান রয়্যালসকে হারিয়ে এই চেন্নাইকে টপকে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল সানরাইজার্স হায়দবারাদ। তবে শীর্ষস্থানটা একদিনের বেশি ধরে রাখতে পারল না সাকিব-উইলিয়ামসনদের দল। তাদের পেছনে ফেলে আবারো শীর্ষে ফিরল চেন্নাই। আট ম্যাচে দুই দলেরই সমান ১২ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে আছে চেন্নাই।
ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে চেন্নাইকে উড়ন্ত সূচনা এনে দেন ওয়াটসন ও ফাফ ডু প্লেসি। যদিও দুজনের ব্যাটিংয়ের ধরন ছিল দুরকম। ডু প্লেসি খেলেছেন দেখেশুনে, রয়েসয়ে। আর ওয়াটসন তুলেছেন ঝড়।
নবম ওভারের প্রথম বলে রাহুল টেবাতিয়াকে ছক্কা হাঁকিয়ে ওয়াটসন ফিফটি পূর্ণ করেন ২৫ বলে। তার আগের ১৫ ফিফটির মাত্র একটি এর চেয়ে কম বলে আছে। ১০ ওভারে চেন্নাই বিনা উইকেটে তোলে ৯৬ রান।
ডু প্লেসি ৩৩ বলে ৩৩ করে ফিরলে ভাঙে ১০২ রানের উদ্বোধনী জুটি। তিনে নামা সুরেশ রায়না ইনিংসে গ্লেন ম্যাক্সওয়েলের প্রথম বলেই বোল্ড হয়েছেন, যেটি ছিল তার মুখোমুখি মাত্র দ্বিতীয় বল। কিছুক্ষণ পর ওয়াটসনের ঝড় থামান অমিত মিশ্র। ৪০ বলে ৭ ছক্কা ও ৪ চারে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
এরপর দলের স্কোর দুইশ ছাড়িয়েছে ধোনি ও আম্বাতি রাইডুর ৭৯ রানের পঞ্চম উইকেট জুটিতে। শেষ ওভারে রান আউট হওয়ার আগে ২৪ বলে ৫ চার ও এক ছক্কায় ৪১ রান করেন রাইডু। শেষ বলে ২ রান নিয়ে ধোনি ফিফটি পূর্ণ করেন ২২ বলে। ৫ ছক্কা ও ২ চারে ৫১ রানে অপরাজিত ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় দিল্লি। দ্বিতীয় ওভারেই ফিরে যান পৃথবী শ (৯)। ২৬ রানের বেশি করতে পারেননি আরেক ওপেনার কলিন মানরোও। দুজনই এই আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা কেএম আসিফের শিকার। দলের স্কোর তখন ২ উইকেটে ৪৬।
বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক শ্রেয়াস আইয়ার আর ম্যাক্সওয়েলও। আগের তিন ম্যাচেই ফিফটি করেছিলেন আইয়ার। এদিন পঞ্চাশ ছুঁলে আইপিএলে টানা ৪ ফিফটি করা বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করতেন তিনি। কিন্তু ১৩ রান করে রান আউটে কাটা পড়েছেন দিল্লির অধিনায়ক। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়েছেন ৬ রান করা ম্যাক্সওয়েল।
৭৪ রানে ৪ উইকেট হারানোর পর চেষ্টা করেছিলেন পন্ত ও শঙ্কর। পন্ত ফিফটি তুলে নিয়েছিলেন ৩২ বলে। শেষ তিন ওভারে দিল্লির দরকার ছিল ৫৫ রান। দিল্লির যা একটু আশা ছিল, ১৮তম ওভারে পন্তের বিদায়ে সেটিও শেষ হয়ে যায়। লুঙ্গি এনগিডির বলে ফেরার আগে ৪৫ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৯ রান করেন পন্ত।
শেষ দুই ওভারে ৪ ছক্কা হাঁকিয়ে ২৮ বলে ফিফটি করেছিলেন শঙ্কর। সেটি শুধু দিল্লির পরাজয়ের ব্যবধানই কমাতে পারে। ৩১ বলে ৫ ছক্কা ও এক চারে ৫৪ রানে অপরাজিত ছিলেন শঙ্কর। ম্যাচসেরা হয়েছেন ওয়াটসন।

