বিনোদন প্রতিবেদক : কিছুদিন আগে ঘোষিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’-এর তালিকায় সেরা কণ্ঠশিল্পী হিসেবে এসেছে মেহের আফরোজ শাওনের নাম। নিজের পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’-এ কণ্ঠ দিয়েছিলেন তিনি। আবারো তাকে পাওয়া যাবে সিনেমার গানে।
জানা যায়, সঞ্চালক-অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘পাপ কাহিনি’ সিনেমায় শাওনের কণ্ঠ শোনা যাবে।
গানটির শিরোনাম ‘আহারে’। কথা-সুরও করেছেন জয়। সংগীত পরিচালনা করেছেন শান। শুক্রবার রাজধানীর একটি স্টুডিওতে কণ্ঠ দেন এ জনপ্রিয় অভিনেত্রী-নির্মাতা-কণ্ঠশিল্পী। শাওন জানান, গানটির কথা-সুর পছন্দ হয়েছে। তাই না বলতে পারেননি। এর আগে শ্রাবণ মেঘের দিন, স্বপ্নপোকাসহ বেশ কিছু সিনেমার গানে কণ্ঠ দেন শাওন।
পরিচালনার পাশাপাশি ‘পাপ কাহিনি’র গল্পও লিখেছেন শাহরিয়ার নাজিম জয়। চলচ্চিত্র জগতের কাহিনি নিয়ে নির্মিত হবে সিনেমাটি। প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করছেন সোহানা সাবা, তমা মির্জা, ইমন ও আনিসুর রহমান মিলন।

