স্পোর্টস ডেস্ক : আর্সেনালের বিপক্ষে দারুণ সব সেভের পর সতীর্থ গোলরক্ষক ইয়ান অবলাককে প্রশংসায় ভাসিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান। তার মতে, অবলাকই এই মুহূর্তে বিশ্বের সেরা গোলরক্ষক।
বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যাচের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলেও আর্সেনালের মাঠে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটের মধ্যে দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাটলেটিকোর ক্রোয়েশিয়ান ডিফেন্ডার সিমে ভরসাল্জকো। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় ১৩ মিনিটে ডাগআউট ছাড়তে হয় দলটির কোচ দিয়েগো সিমিওনেকেও।
তবুও দারুণ কিছু সেভে ৬০ মিনিট পর্যন্ত অ্যাটলেটিকোর জাল অক্ষত রেখেছিলেন অবলাক। ৬১ মিনিটে আর পারেননি। আর্সেনালকে এগিয়ে দেন অ্যালেকজান্দ্রে লাকাজেত্তি। আট বাকি থাকতে সেই গোল শোধ করেন গ্রিজমান। এরপর অ্যারন রামসের একটি হেড অবিশ্বাস্যভাবে ফিরিয়ে দেন অবলাক।
ম্যাচ শেষে অবলাকের প্রশংসায় গ্রিজমান বলেছেন, ‘ইয়ান এই মুহূর্তে বিশ্বের সেরা। শুধু এজন্য নয় যে সে আমার সতীর্থ; বরং সে যে সেভগুলো করেছে এবং আমাদের পয়েন্ট এনে দিয়েছে তার জন্যও।’
গ্রিজমানের মতে, প্রথম লেগে ম্যাচের শুরুটা ছিল পাগলাটে। ফিরতি লেগে ঘরের মাঠে দারুণ ম্যাচের অপেক্ষায় ফরাসি এই ফরোয়ার্ড, ‘ম্যাচের শুরুটা ছিল খুব পাগলাটে, অনেক কিছুই ঘটেছে। ঘরের মাঠে দারুণ একটা দ্বিতীয় লেগের অপেক্ষায় আছি আমরা।’
‘আমি আশা করছি, সমর্থকরা উন্মত্ত পরিবেশ সৃষ্টি করবে। কারণ, তারা দেখতে চায় যে আমরা ফাইনালে পৌঁছেছি। আমাদের ইউরোপা লিগ জিততেই হবে। ওয়ান্ডা মেট্রোপলিতানোতে আনন্দদায়ক পরিবেশের প্রত্যাশা করছি আমরা’- বলেন গ্রিজমান।
আগামী বৃহস্পতিবার হবে ফিরতি লেগের ম্যাচ। ঘরের মাঠে গোলশূন্য ড্র করলেও আর্সেনালের মাঠে পাওয়া ‘অ্যাওয়ে’ গোলের সুবাদে ফাইনালে উঠে যাবে অ্যাটলেটিকো মাদ্রিদ।

