স্পোর্টস ডেস্ক : হালের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাটের নাম টি-টোয়েন্টি ক্রিকেট। বিভিন্ন দেশের ঘরোয়া লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। সময়ের সঙ্গে সঙ্গে ফরম্যাট পরিবর্তন হবে, নতুন কিছু আসবে, সেটাই স্বাভাবিক। এবার আসতে যাচ্ছে ১০০ বলের ক্রিকেট লিগ। যেখানে উভয় দল ১০০ বল করে খেলা সুযোগ পাবে। ২০২০ সাল থেকে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে পরীক্ষামূলকভাবে চালু করা হবে এই ফরম্যাট। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইতিমধ্যে এ বিষয়ে সুপারিশ করেছে।
আট দলকে নিয়ে ২০২০ সালে ইংল্যান্ডের একটি ১০০ বলের লিগে হবে। যেখানে প্রত্যেক দল ৬ বলের ১৫টি ওভার খেলবে। তার সঙ্গে আরো ১০টি অতিরিক্ত বল খেলার সুযোগ পাবে। তবে এই ১০টি বল কখন, কিভাবে করা হবে সেটা এখনো পরিস্কার করেনি তারা। ১০০ বলের ক্রিকেটের ক্ষেত্রে সাউদাম্পটন, ব্রিমিংহাম, লিডস, লন্ডন, ম্যানচেস্টার, কার্ডিফ ও নটিংহ্যামশায়ার ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে। পাঁচ সপ্তাহে শেষ হবে ১০০ বলের ক্রিকেট লিগ। তবে এই ক্রিকেট তারা কাউন্টির অন্যান্য ফরম্যাটের পাশাপাশি চালাবে। কাউন্টিতে বর্তমানে চারদিনের, ৫০ ওভারের ও ২০ ওভারের ক্রিকেট প্রচলিত আছে।
এ বিষয়ে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান টম হ্যারিসন বলেন, ‘এটা একটি নতুন ও উত্তেজনাপূর্ণ আইডিয়া, যা তরুণ দর্শক ও নতুন নতুন দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হবে। ক্রিকেটে উন্নয়নে শুরু থেকেই আমরা আমাদের নেতৃত্বগুণ দেখিয়ে আসছি। নতুন চ্যালেঞ্জ তৈরি করেছি, সেটাকে পদ্ধতির মাধ্যমে এগিয়ে নিয়ে গিয়েছি। আমরা আমাদের এই উন্নয়ন ও উদ্ভাবনের ধারা অব্যাহত রাখব। ক্রিকেটে নতুনত্ব আনার ক্ষেত্রে আমাদের ঐহিত্য ও ইতিহাস রয়েছে। ক্রিকেটের ভবিষ্যত উন্নয়নে অবদান রাখাটা আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। ক্রিকেট খেলাটির জনপ্রিয়তা ও স্থায়িত্বের বিষয়টি বিবেচনা করে নতুনত্ব ও উন্নয়ন জরুরি। আমাদের ১৮টি কাউন্টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে। লাল ও সাদা বলের ক্রিকেট খেলে। আমরা আমাদের উদ্ভাবন, উন্নয়ন ও নতুনত্বের মাধ্যমে কাউন্টিগুলোকে সহায়তা করতে চাই। প্রমোট করতে চাই। খেলার প্রসারে অবদান রাখতে চাই।’
২০০৩ সালে ইংল্যান্ড টি-টোয়েন্টি ক্রিকেটের উদ্ভাবন করে। এবার তারা আরো একটি নতুন ফরম্যাট আনতে যাচ্ছে। যেখানে টি-টোয়েন্টির চেয়ে ২০টি করে মোট ৪০টি কম বলা করা হবে। ২০২০ সালে ইংল্যান্ড ১০০ বলের ক্রিকেট চালু করলে সেটা হবে বড় কোনো ক্রিকেট খেলুড়ে দেশের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট।
অবশ্য গেল বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে টি-১০ ক্রিকেট। হংকংয়ে হয় ৫ ওভারের ক্রিকেট। ১৯৭৯-৮০ সাল থেকে ৬ বলের ওভারের ক্রিকেট চলে আসছে। তার আগে কখনো ৪ বল, কখনো ৫ বল, কখনো ৬ বল, আবার কখনো ৮ বলে ওভারের ক্রিকেটও হয়েছে।

