বিনোদন ডেস্ক : বাবা রাকেশ রোশানের পরিচালনায় কাহো না পেয়ার হ্যায় সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন হৃতিক রোশান। এছাড়া বাবা-ছেলে মিলে দর্শকদের উপহার দিয়েছেন কই মিল গ্যায়া, কৃষ ও কৃষ-থ্রি’র মতো জনপ্রিয় সিনেমা।
এবার বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি কৃষ’র চতুর্থ কিস্তি নিয়ে হাজির হচ্ছে হৃতিক ও রাকেশ। ২০২০ সালের বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এর চিত্রনাট্য ও কলাকুশলী নির্বাচনের কাজ চলছে। কিন্তু এ ক্ষেত্রে নাকি মতে মিলছে না বাবা-ছেলের।
এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘হৃতিক রোশান এ পর্যন্ত তার বাবার চারটি সিনেমায় অভিনয় করেছেন। তিনি এখন বেশ ভালোভাবেই বোঝেন কী ধরনের চিত্রনাট্য হতে হবে এবং কাদের অভিনয়শিল্পী হিসেবে বেছে নেয়া উচিৎ। নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন হৃতিক। বর্তমান সময়ের সিনেমা কোন পর্যায়ে রয়েছে সে সম্পর্কেও তার ভালো জ্ঞান রয়েছে। তিনি তার পরিচালক বাবাকে অনুরোধ করেছেন, কৃষ-ফোর সিনেমাটি ব্যবসার জন্য না নির্মাণ করে যেন বুদ্ধিদীপ্তভাবে তৈরি করা হয়। এছাড়া কলাকুশলী নির্বাচনের ক্ষেত্রেও তাদের অনেক মতবিরোধ রয়েছে। তবে এটি ভালো অর্থে, সৃজনশীল দিক থেকে।’
বর্তমানে সুপার থার্টি সিনেমা নিয়ে ব্যস্ত হৃতিক। গণিতবিদ আনন্দ কুমারকে নিয়ে নির্মিত হচ্ছে এটি। এরপর যশ রাজ ফিল্মসের একটি সিনেমা ও কৃষ-ফোর’র শুটিং শুরু করবেন তিনি।

