নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সংগঠনটির সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুসরাত জাহান নুপুর, নিশীতা ইকবাল নদী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। তাদের ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন ছাত্রলীগের দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১০ এপ্রিল) গভীর রাতে সুফিয়া কামাল হলে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রীদের মারধর করার অভিযোগ ওঠে সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান ইশার বিরুদ্ধে। এর পরপরই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখার সভাপতি ইফফাত জাহান ইশাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।

