অর্থনৈতিক প্রতিবেদক : জাতীয় নির্বাচন কেন্দ্রীক নয়, জনকল্যাণ ও ব্যবসাবান্ধব বাজেট প্রস্তাবের দাবি জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। রোববার সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
এমসিসিআই নেতারা বলেন, অভিজ্ঞ ব্যক্তিরা মনে করেন যেহেতু এ বছর নির্বাচনী বছর তাই সরকার নির্বাচনমুখী বাজেট প্রণয়ন করবে। তবে আমরা আশা করছি সরকার নির্বাচন বিবেচনা না করে সত্যিকার অর্থে দেশের উন্নতির দিকে নজর রেখে বাজেট প্রণয়ন করবে। যে বাজেট জনকল্যাণ ও ব্যবসাবান্ধব হবে।
এর জবাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, আগামী অর্থবছরে নির্বাচনী বাজেট না হয়ে যেন জনকল্যাণমুখী বাজেট হয়-আমরা সেদিকে লক্ষ্য রাখবো। নির্বাচন সামনে আছে বলেই যে বাজেট করবো এমন কথা সঠিক নয়।
বর্তমান ব্যাংকগুলোতে তারল্য সংকট চলছে উল্লেখ করে এমসিসিআই নেতারা বলেন, ব্যাংক ব্যবস্থাপনার দিকে সরকারকে নজর দিতে হবে। বর্তমানে সব ব্যাংকই তারল্য সংকটে ভোগছে। এ অবস্থা থেকে ব্যাংকগুলোকে উত্তরণ না ঘটাতে পারলে বড় সমস্যায় পড়তে হবে। তাই এবারের বাজেটে ব্যাংক খাতে বিশেষ নজর দিতে হবে।
ব্যবসায়ী বলেন, অর্থনীতির অগ্রগতিতে বেশকিছু সমস্যা রয়েছে। যেগুলো সমাধান না হলে আগামী অর্থবছরে শতকরা ৮ ভাগ প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা একটি অন্যতম চ্যালেঞ্জ। এছাড়াও বিদেশি বিনিয়োগ প্রবাহও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এটি বাড়াতে বাজেটে সুর্নিদিষ্ট দিক নির্দেশনা থাকতে হবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, একটা যেন সুষ্ঠু বাজেট হয় অর্থাৎ ফিসক্যাল পলিসিতে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লে আয়কর বাড়বে। দেশ এগিয়ে যাবে। সেই বিষটিই আমরা গুরুত্ব দেবো।
প্রাক-বাজেট প্রস্তাবনায় এমসিসিআই লিখিতভাবে বেশকিছু দাবি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব করা হয়।
সর্বোচ্চ করহার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করেছে এমসিসিআই। তাদের দাবি এই করহারের সামান্য হ্রাসে ব্যক্তি করদাতার ক্ষেত্রে তাদের সত্যিকার আয়কর প্রকাশে উৎসাহিত করবে এবং কর ফাঁকি অনেকাংশে হ্রাস পাবে। এছাড়াও সামাজিক দায়বদ্ধতায় (সিএসআর) ব্যয়কৃত অর্থ সম্পূর্ণ আয়করমুক্ত রাখার দাবি করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এনবিআর সদস্য কানন কুমার রায়, ফিরোজ শাহ আলম, রেজাউল হাসান, এমসিসিআই এর সহসভাপতি গোলাম মাইনুদ্দিন, এমসিসিআইয়ের সদস্য মর্ডান ইন্ডাস্ট্রিজ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তারেক আলী, হাসান মাহমুদ প্রমুখ।

