নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় বহুতল ভবনে বিস্ফোরণে দগ্ধ তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন- শাহীন, দীপ্ত সরকার ও হাফিজ। তাদের বয়স ২৩ থেকে ২৫ এর মধ্যে।
শনিবার রাতে ও রোববার সকালে এই তিনজনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ভালুকায় একটি বাড়িতে বিস্ফারণের ঘটনায় দগ্ধ তিনজনকে ঢামেকে ভর্তি করা হয়েছে। শুভ, সোহেল রানাসহ তাদের আরো কয়েকজন বন্ধু এই তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন।
চিকিৎসকরা জানিয়েছেন, বিস্ফারণের ঘটনায় শাহীনের শরীরের ৮৫ শতাংশ, দীপ্ত সরকারের ৪৪ শতাংশ ও হাফিজের ৫৩ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থায় আশঙ্কাজনক।
ময়মনসিংহের ভালুকায় শনিবার মধ্য রাতে ৬ তলা একটি ভবনের ৩ তলায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই ভবনের ৩ তলার দেয়াল ভেঙে পড়ে। এ ঘটনার পর পুলিশ ভবনটি ঘিরে রেখেছে। তবে এটা জঙ্গি আস্তানা কি না সে বিষয়ে নিশ্চত করেনি পুলিশ।

