ঢাকাFriday , 23 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাণ ফিরছে রাজশাহীর প্রাচীন মঠে

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : প্রাণ ফিরেছে রাজশাহী মহানগরীর প্রাচীন মঠগুলোতে। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল মঠগুলো। আগের আদলে মঠগুলো সংস্কার করায় নান্দনিক সৌন্দর্যে ফিরেছে এখানকার পাঁচটি মঠ।
যুগ যুগ ধরে পড়ে থাকা এ প্রাচীন মঠগুলো সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। পরে ভারত সরকারের অনুদানে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মঠগুলোর এই সংস্কার শুরু করে। এরই মধ্যে দুটি মঠের সংস্কার কাজ শেষ হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে ৮-১০টি মঠ রয়েছে। তবে সংস্কার হচ্ছে পাঁচটি। বাকিগুলো নিজস্ব অর্থায়নে সংস্কারের কথা ভাবছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সবগুলো মঠ সংস্কার করা গেলে এগুলো পর্যটক আকর্ষণ করবে বলে মনে করছেন নগর সংস্থার কর্মকর্তারা।
সিটি করপোরেশন প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, রাজশাহী সাধারণ গ্রন্থাগার ও পাঁচটি মঠ সংস্কারে ২১ কোটি ২২ লাখ টাকা অনুদান দিয়েছে ভারত সরকার। এর মধ্যে প্রতিটি মঠে খরচ করা হচ্ছে ১৩ লাখ টাকা। একজন ঠিকাদার কাজটি করছেন। এরই মধ্যে দুটি মঠ সংস্কার করা হয়েছে। বাকি তিনটি শেষ হবে মাসখানেকের মধ্যে।
নগরীর উপশহর সপুরা এলাকার মঠটিতে গিয়ে দেখা যায়, পুরনোর আদলেই নতুন করে সংস্কার করা হয়েছে মঠটি। এর পাশাপাশি কিছু কারুকাজও যুক্ত করা হয়েছে। মঠের ওপরের অংশে বসানো হয়েছে পিতলের দৃষ্টিনন্দন মিনার। সূর্যের আলোয় তা চকচক করছে। যা বাড়িয়ে দিয়েছে পুরো এলাকার সৌন্দর্য।
স্থানীয়রা জানিয়েছেন, আগে মঠগুলো একেবারেই ভঙ্গুর অবস্থায় পড়ে ছিল। মঠের ইটের ওপর গজিয়ে উঠেছিল আগাছা। মঠ কখন ভেঙে পড়ে এমন আতঙ্কেই থাকতেন তারা। তবে সংস্কারের পর তাদের সেই ভয় কেটেছে। এখন মঠটি এলাকার সৌন্দর্য বৃদ্ধি করেছে।
একই কথা জানালেন হেরিটেজ রাজশাহীর প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব সিদ্দিকী। তিনি বলেন, সবগুলো মঠ সংস্কার করা হলে শুধু মঠেরই নয়, পুরো নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে। অনেক মঠের আশপাশে অবৈধ বাড়িঘর হয়েছে। সেগুলোও উচ্ছেদ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
জানতে চাইলে সিটি মেয়র মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, সিটি করপোরেশনের আওতায় মোট ৮-১০ টি ছোট-বড় মঠ রয়েছে। সেখানে সনাতন ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করে আসছিল শত শত বছর থেকে। কয়েকটি সংস্কার করা হলো। বাকিগুলোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে। মঠের আশপাশে অবৈধ দখল থাকলে সেটাও উচ্ছেদ করা হবে।