সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে পাঁচটি স্বর্ণের বারসহ হাসানুর রহমান নামে এক সোনা চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার সকালে সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক হাসানুর রহমান সদর উপজেলার লক্ষীদাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
ভোমরা বিওপির সুবেদার শফিকুর রহমান জানান, পদ্মশাখরা সীমান্ত দিয়ে একটি চক্র ভারতে সোনা পাচারের জন্য আসছে এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় হাসানুর রহমানের দেহ তল্লাশি করে পাঁচটি স্বর্ণের বার জব্দ করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক সরকার মোস্তাফিজুর রহমান জানান, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭৬৭ গ্রাম ২০০ মিলি।

