চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে এক ট্রাক সমপরিমাণ সরকারি বিনামূল্যে বিতরণের পাঠ্যবই উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে পতেঙ্গা থানা পুলিশ ছাত্রবন্ধু লাইব্রেরির গুদামে অভিযান পরিচালনা করে। এ সময় লাইব্রেরির মালিক কবির হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
পতেঙ্গা থানার ডিউটি অফিসার এসআই আব্দুল মোমিন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পতেঙ্গা স্টিলমিল এলাকায় ছাত্রবন্ধু লাইব্রেরির গুদামে অভিযান পরিচালনা করা হয়। গুদামের ভেতর মজুদকৃত একট্রাক সমপরিমাণ সরকারি বিনামূল্যে বিতরণের বিভিন্ন শ্রেণির পাঠ্যবই ও নিষিদ্ধ নকল গাইড বই উদ্ধার করা হয়। এই ঘটনায় লাইব্রেরির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

