বিনোদন ডেস্ক : অনেক দর্শকপ্রিয় নাটকের রচয়িতা ও নির্মাতা মাতিয়া বানু শুকু ও চয়নিকা চৌধুরী। অন্যদিকে রয়েছেন নাট্যকার ইফফাত আরেফীন মাহমুদ তন্বী। পরিচালনায় তাকে দেখা না গেলেও অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্মের রচয়িতা তিনি। বিশ্ব নারী দিবস উপলক্ষে এই তিন নাট্যকার ও পরিচালক তিন নাটক নিয়ে হাজির হতে যাচ্ছেন।
প্রতিকূল পরিস্থিতি অথবা কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় অনেক নারীকে। সেসব নারীদের গল্প নিয়ে নারী দিবস উপলক্ষে আরটিভি আয়োজন করেছে ‘প্রেরণায় নারীর গল্প’। এ আয়োজনের প্রথম দিন অর্থাৎ ৮ মার্চ রাত ৮টায় প্রচারিত হবে ‘শিখার কথা’। ইফফাত আরেফীন মাহমুদ তন্বীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
নাটকটির গল্প প্রসঙ্গে নাট্যকার তন্বী বলেন, শিখা কাজ করে একটি এনজিওতে। যারা শিক্ষা নিয়ে কাজ করছে। শিখা অল্প সময়ে অফিসে বেশ নাম করে ফেলে তার একাগ্রতা দিয়ে। বস মাজহার সাহেব তাকে খুব পছন্দ করেন। কারণ শিখাকে কোনো কাজ দিলে সে কাজ সময় মতো শেষ করে। মাজহার সাহেব লক্ষ্য করেছেন, অন্যদের মতো বেশি সময়ও মেয়েটা অফিসে থাকে না। ঠিক পাঁচটায় মেয়েটা অফিস থেকে বেরিয়ে যায়। অথচ কোনো কাজ পড়েও থাকে না। শুধু তাই নয়, শিখার পড়াশোনার গণ্ডিও চমৎকার। কিন্তু কিছু বিরূপ পরিস্থিতি শিখার পথচলা কঠিন করে তোলে। এমন গল্প নিয়ে গড়ে উঠেছে ‘শিখার কথা’ নাটকের কাহিনি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, সুবর্ণা মুস্তাফা, জোভান, তানজিন তিশা প্রমুখ।
আরটিভির ‘প্রেরণায় নারীর গল্প’ আয়োজনের দ্বিতীয় দিন অর্থাৎ ৯ মার্চ রাত ৮টা ১০ মিনিটে প্রচারিত হবে ‘খোলা চিঠি’। এটি রচনা ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মনিরা মিঠু, মাসুম বাসার প্রমুখ।
তন্বীর রচনায় চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন ‘মেঘমুখী তুমি সূর্যমুখী হও’ নামে আরো একটি একক নাটক। তবে এটির গল্প ভাবনা জিনাত আরা হকের। ৮ মার্চ দুপুর ১টা ১০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে এ নাটকটি। নাটকের গল্প প্রসঙ্গে তন্বী বলেন, মফস্বলের মেয়ে নিনি। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষে চাকরিতে যোগ দেয়। কিন্তু কয়েকদিনের মধ্যে তার বিয়ে হয়ে যায়। নিনির চাকরি আর করা হয়ে ওঠে না। নিনির একটি মেয়ে। স্বামী সম্ভ্রান্ত পরিবারের সন্তান। খুব ভালো চাকরি করেন। দেখতেও সুন্দর। মাঝে মাঝে নিনি ভাবে তার স্বামীর সঙ্গে তার বিয়ে হলো কেন? ভেবে কূল পায় না সে। নিনির স্বামী সাইফ যেখানে যায় সবাই তার খুব প্রংশসা করে। চমৎকার পার্টিও জমাতে পারে। বন্ধুদের স্ত্রীদের সঙ্গে চমৎকার করে কথা বলে। নিনিকে তারা প্রায়ই শোনায় আপনি খুব লাকি। এত চমৎকার হাজবেন্ড পেয়েছেন। এসব শুনে নিনিরও ভালো লাগে। নিনি-সাইফের পনেরো বছরের সংসার। এই পনেরো বছরে সাইফ নিনির সঙ্গে প্রয়োজনের বাইরে একটা কথাও বলেনি। নিনি প্রথম কথা বলার চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি। সাইফের এক কথা তুমি কি আমার স্ট্যান্ডার্ড? এমন টানাপোড়েনের গল্প দেখা যাবে ‘মেঘমুখী তুমি সূর্যমুখী হও’ নাটকে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, বিজরী বরকতুল্লাহ, দীপা খন্দকার, সাজ্জাদ হোসাইন প্রমুখ।

