বিনোদন প্রতিবেদক : প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করেছে ‘পোড়ামন-টু’ নামের সিনেমা। রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় টেলিভিশন অভিনেতা সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন পূজা। ইতোমধ্যে সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে। আগামী বৈশাখে সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেন, ‘‘পয়লা বৈশাখকে সামনে রেখে ১৩ এপ্রিল ‘পোড়ামন-টু’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। আমরা মুক্তির প্রস্তুতি নিচ্ছি। সিনেমাটির গল্প দারুণ। আশা করছি, দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’’
২০১৩ সালে মুক্তি পেয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’। এতে সাইমন-মাহি জুটি বেঁধে অভিনয় করেছিলেন। মুক্তির পর সিনেমাটি বেশ জনপ্রিয়তা লাভ করে। দীর্ঘ বিরতির পর নির্মিত হচ্ছে এর সিক্যুয়েল। এতে সিয়াম-পূজা ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ। আজ সোমবার সিনেমাটির পোস্টার প্রকাশিত হয়েছে।
নায়িকা হিসেবে ‘পোড়ামন-টু’ পূজার দ্বিতীয় সিনেমা। সম্প্রতি পূজা অভিনীত ‘নূরজাহান’ সিনেমাটি মুক্তি পায়। পূজা ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে প্রথম বড় পর্দায় অভিনয় শুরু করেন। বিভিন্ন বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন তিনি।

