নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ড. মুহম্মদ জাফর ইকবালের হামলার ঘটনার সময় নিরাপত্তার কোনো ত্রুটি ছিল না। রোববার রাজধানীর পূর্ব রাজাবাজার নাজনীন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, নিরাপত্তার কোনো ত্রুটি ছিল না। নিরাপত্তার ত্রুটি থাকলে হামলাকারী ধরা পড়তো না। হামলাকারী ধরা পড়েছে তার কাছ থেকে এ বিষয়ে জানা যাবে। তিনি বলেন, হামলাকারী অসুস্থ্য অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে, তার কাছে হামলার মোটিভ জানতে পারব।
কোনো উগ্রবাদী গোষ্ঠী হামলা চালিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। তার জবানবন্দী নেওয়া হোক। কেন বা কারা এই হামলা করেছে জানতে পারব।
তিনি আরো বলেন, সব হুমকির বিচার হচ্ছে, সকল হত্যার ঘটনায় চার্জশিট হয়েছে। শুধু একটা হত্যার ঘটনায় এখনো চার্জশিট হয়নি সেটা আপনারা জানেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছাত্র না হওয়া সত্ত্বেও কীভাবে হামলাকারী প্রবেশ করেছে জানতে চাইলে মন্ত্রী আরো বলেন, বিষয়টা তদন্তাধীন, আমরা তদন্ত করে দেখছি। তারপর বিস্তারিত জানা যাবে

