বিনোদন ডেস্ক : তরুণ নির্মাতা সৈকত নাসির। ‘দেশা দ্য লিডার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক ঘটে তার। এ চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকের প্রশংসা কুড়ান এই নির্মাতা। এরপর ‘হিরো ৪২০’ নির্মাণ করেও দর্শকের আস্থা ধরে রাখেন তিনি।
সৈকত নাসিরের তৃতীয় মিশন ‘পাষাণ’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল-চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও ওপার বাংলার চিত্রনায়ক ওম। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার। সিনেমার গল্পে পেশাদার একজন খুনির চরিত্রে দেখা যাবে ওমকে। পুরো ট্রেইলারজুড়ে তার মারকুটে উপস্থিতি দেখা যায়। আর নির্মাতা সৈকত নাসির বরাবরের মতো নিজস্ব ঢঙে উপস্থাপন করেছেন গল্পটি। ১ মিনিট ৫৪ সেকেন্ড ব্যাপ্তির এই ট্রেইলারে তারই প্রমাণ রেখেছেন তিনি।
এ ছাড়া সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিপাশা কবির। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, শিমুল খানসহ অনেকে। ২০১৬ সালের শেষের দিকে রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর মংলা সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হয়েছে। সিনেমাটির সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ।

