স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসরে কোচ হয়ে আসছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।
নিউজিল্যান্ডের হয়ে ১১৩ টেস্ট ও ২৯৫ ওয়ানডে খেলা ভেট্টোরি এখন পুরোদস্তুর পেশাদার কোচ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ লিগ ও কাউন্টিতে নিয়মিত কোচিং করাচ্ছেন প্রাক্তন বাঁহাতি এ অলরাউন্ডার। এবার প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন বিপিএলের সঙ্গে।
তাকে উড়িয়ে আনছে রাজশাহী কিংস। দুই বছরের জন্য রাজশাহী কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ভেট্টোরি। নিশ্চিত করেছেন রাজশাহী কিংসের মিডিয়া ম্যানেজার অম্লান মোস্তাকিম।
বিপিএলের প্রথম আসরে সবাইকে চমকে দিয়েছিল রাজশাহী কিংস। কোচ সরোয়ার ইমরানের নেতৃত্বে দলটি খেলেছিল ফাইনালে। কিন্তু পরের আসরে সেরা চারে উঠতে পারেনি। অভিজ্ঞ ভেট্টোরিকে এনে ষষ্ঠ আসরে শিরোপার ক্ষুদা মেটাতে চায় রাজশাহী কিংস। ভেট্টোরি প্রধান কোচ হলেও সহকারী হিসেবে সরোয়ার ইমরান কাজ করবেন নাকি তা এখনও নিশ্চিত নয়।
১৯৯৭-এ নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ভেট্টোরির। শুরুতে স্পিনার হিসেবে দলে জায়গা পেলেও পরবর্তীতে অলাউন্ডার হয়ে উঠেন। দশ বছরের ব্যবধানে কিউইদের দায়িত্ব পান ভেট্টোরি। পরবর্তীতে হয়ে যান সফল অধিনায়কও।
ইতালিয়ান বংশোদ্ভূত এ ক্রিকেটার নিউজিল্যান্ডকে দিয়েছেন একাধিক সাফল্য। কোচ হিসেবেও প্রাপ্তির ভান্ডার ভরপুর। এবার বিপিএলের চ্যালেঞ্জটা নিলেন ৩৯ বছর বয়সী ভেট্টোরি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্বে ভেট্টোরি। এছাড়া বিগ ব্যাশে ব্রিসবেন হিট এবং কাউন্টিতে মিডলসেক্সের দায়িত্ব পালন করছেন।

